ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর শুরুর দিনেই দুঃসংবাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। পেশির চোটের (কাফ স্ট্রেইন) কারণে আসরের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলটির প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনিকে।
শনিবার (২৮ মার্চ) চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই খবর নিশ্চিত করেছে। ফলে সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে থাকছেন না প্রিয় 'থালা'।
চেন্নাই সুপার কিংস জানিয়েছে, ধোনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং অন্তত ১৪ দিন তাকে বিশ্রামে থাকতে হবে। গত আসরে পয়েন্ট তালিকার তলানিতে থাকা চেন্নাই এবার রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর মিশনে শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়ল। ধোনি গত মৌসুমে লোয়ার অর্ডারে ১৩৫.১৭ স্ট্রাইকরেটে ১৩ ইনিংসে ১৯৬ রান করে নিজের ফর্মের জানান দিয়েছিলেন।
ইনজুরি সমস্যায় জর্জরিত চেন্নাই এরই মধ্যে নাথান এলিসকে পুরো মৌসুমের জন্য হারিয়েছে, যার স্থলাভিষিক্ত করা হয়েছে স্পেন্সার জনসনকে। তবে এবার বড় চমক হিসেবে রাজস্থান থেকে সঞ্জু স্যামসনকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিনিময়ে ছেড়ে দিতে হয়েছে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের মতো তারকাদের। নিলামে ১৪.২০ কোটি রুপিতে কেনা তরুণ কার্তিক শর্মা ও অভিজ্ঞ সঞ্জু স্যামসন এখন ধোনির অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপ সামলানোর মূল ভরসা।