শুক্রবার (২১ নভেম্বর) সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে পুরান ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ তিন জেলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। ঢাকা, নরসিংদী ও গাজীপুর মিলিয়ে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। পুরান ঢাকায় ভবনের রেলিং ধস এবং রূপগঞ্জে দেয়াল ধসের মতো ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ভূমিকম্পটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
নিহতদের মধ্যে পুরান ঢাকায় রাফিউল ইসলাম (২০), আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২) রয়েছেন। এছাড়া রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমা নিহত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে এবং তাড়াহুড়ো করে নামতে গিয়ে দেশের বিভিন্ন এলাকায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে গাজীপুরের একটি পোশাক কারখানায় দেড় শতাধিক শ্রমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষার্থী রয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।