নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স আজ যেন প্রাণহীন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচে গ্যালারি ছিল প্রায় পুরোপুরি ফাঁকা। বাংলাদেশ থাকলে যেখানে জনসমুদ্রের গর্জন শোনা যেত, সেখানে আজ কেবলই নিস্তব্ধতা। আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করলেও গ্যালারির এই চিত্র বিশ্বকাপের জৌলুস নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
কলকাতায় বাংলাদেশের ম্যাচ মানেই ছিল টিকিট নিয়ে কাড়াকাড়ি। অথচ আজ বিশ্বকাপের মতো আসরেও ইডেনে টিকিট বিক্রিতে ধস নেমেছে। স্থানীয় দর্শকদের মধ্যে ম্যাচটি নিয়ে কোনো আগ্রহই দেখা যায়নি। টস জিতে স্কটল্যান্ড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও মাঠের গ্যালারি ছিল খাঁ খাঁ।
বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের স্পিনার মার্ক ওয়াট বাংলাদেশের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তবে তিনি দাবি করেন, তারা নিজেদের যোগ্যতায় এই আসরে খেলছেন এবং যেকোনো বড় দলকে হারানোর সামর্থ্য রাখেন। উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করে।