নিজস্ব প্রতিবেদক: এলপিজি গ্যাসের দামে নাভিশ্বাস গ্রাহকদের। দোকানে গ্যাস সাপ্লাই নেই এ অজুহাতে ১২০০ টাকার এলপিজি সিলিণ্ডারের দাম ১৮০০-২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। আবার অনেক স্থানে তাও পাওয়া যাচ্ছে না। গত দু তিন দিন যাবৎ বাজারের এই ব্যাপক দূরাবস্থা তথা দামের দুর্ীতির অভিযোগ করেছেন অনেকেই। আবার অনেক স্থানে গ্যাস নেই বলেও ক্রেতাকে ফিরিয়ে দেয়া হচ্ছে। এর ফলে মহা সমস্যায় পড়েছেন রাজধানীসহ সারা দেশের অসংখ্য পরিবার।
একে তো শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায়। এতে দামও কিছুটা বাড়তি থাকে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এলপিজি আমদানির জাহাজসংকট। বেশ কয়েকটি কোম্পানীর গ্যাস বাজারে আসছে না।
বাংলাদেশে এলপিজি সরবরাহকারী অনেক কোম্পানি আছে, যাদের মধ্যে প্রধান কয়েকটি হলো: বসুন্ধরা এলপি গ্যাস, ওমেরা এলপিজি, যমুনা গ্যাস, বিএম এনার্জি (বিএম গ্যাস), লাউগফস গ্যাস, টোটালগ্যাজ, বেক্সিমকো এলপিজি, নভানা এলপিজি, ইনডেক্স, এবং পেট্রোম্যাক্স, যেখানে বসুন্ধরা ও ওমেরা বাজারের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। মোট প্রায় ৫৮টি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি থাকলেও, তার মধ্যে প্রায় ২৮টি কোম্পানি সক্রিয় আছে, যাদের মাধ্যমে হাজার হাজার ডিলার ও রিটেইলার সেবা দিচ্ছে।
রামপুরার গ্যাসের ডিলার ইকবাল হোসেন জানান, আগে বেশ কয়েকটি কোম্পানী গ্যাস সাপ্লাই দিত। বেশ কয়েকমাস ধরে দু তিনটি কোম্পানীর ছাড়া অন্য কোন কোম্পানীর গ্যাস সাপ্লাই দিচ্ছে না। তাই আমাদের গ্রাহকদের গ্যাস সাপ্লাই দিতে পারছি না। কেন এত দাম নিচ্ছে এমন প্রশ্নের জবাবে সাপ্লাই নেই তো সে কারণে যে যার মত করে দাম নিচ্ছে।
রামপুরার বাসিন্দা শিল্পী বেগম বলেন, গত মাসে এক সিলিন্ডারের দাম দিতে হয়েছিল ১৫০০ টাকায়, এ মাসে ১৭৫০ টাকা দাম আর ৫০ টাকা বাড়ি পৌছে দেয়া নিয়ে ১৮০০ টাকা নিল। হঠাৎ এমন দাম বৃদ্ধি চিন্তা করা যায়?
আরেক গৃহিনী নীলা বলেন, গত ৩০ ডিসেম্বর সিলিন্ডার দোকানে খোঁজ করে এলপিজি পাওয়া যাচ্ছিল না। এরপর ১২ কেজির এক সিলিন্ডার এলপিজি পাওয়া গেলেও দাম দিতে হয়েছে ১ হাজার ৮০০ টাকা। নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকার বেশি গুনতে হয়েছে তাঁকে।
সিলিন্ডার খুঁজতে গিয়ে ৩১ ডিসেম্বর একই রকম বিপদে পড়েন মিরপুরের কাজীপাড়ার সুবর্ণা রানী। তিনি ১ হাজার ৮০০ টাকায়ও পাননি। তিনি বলেন, ১২ কেজি এলপিজি কিনতে দিতে হয়েছে ১৮৫০ টাকা। অথচ ডিসেম্বরে সরকার নির্ধারিত এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা।
গৃহস্থালিতে রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির এলপিজি সিলিন্ডার। দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে এলপিজির দাম। ঢাকার চারটি খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা চাহিদা দিলেও এলপিজির সরবরাহ নেই। তাই ক্রেতারা চাইলেও দিতে পারছেন না। তাঁদের বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই তাঁরাও বাড়তি দামে বিক্রি করছেন।
এই অস্বাভাবিক বাড়তি দামে বিস্ময় প্রকাশ করেছেন সারা দেশে এলপিজি সিলিন্ডার পরিবেশক সমিতির সভাপতি সেলিম খান। তিনি বলেন, অধিকাংশ কোম্পানি সরবরাহ বন্ধ রেখেছে। হাতে গোনা কয়েকটি কোম্পানির এলপিজি সরবরাহ করা হচ্ছে। ১ হাজার সিলিন্ডারের চাহিদা দিলে ২০০ থেকে ৩০০ সিলিন্ডার পাওয়া যাচ্ছে। ট্রাক গিয়ে বসে থাকছে, খরচ বাড়ছে। প্রতি সিলিন্ডারে কোম্পানি ৭০ থেকে ৮০ টাকা বাড়তি দাম নিচ্ছে।
শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায়। এতে দামও কিছুটা বাড়তি থাকে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এলপিজি আমদানির জাহাজসংকট। নিয়মিত এলপিজি পরিবহনের ২৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। এতে আগের মাসের তুলনায় গত মাসে এলপিজি আমদানি কমে গেছে।
তবে সরকারিভাবে দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে, তাতে আরো সঙ্কট বাড়বে কিনা তা নিয়ে সংশয়ে গ্রাহকরা।