চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে ভেন্যু ও সূচিতে নতুন নিয়ম যুক্ত করেছে আইসিসি। মূলত সহ-স্বাগতিক শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দর্শকদের কথা মাথায় রেখে সেমিফাইনাল-১ কে ‘ফ্লোটিং’ বা পরিবর্তনশীল রাখা হয়েছে। দলগুলোর পারফরম্যান্স ও অবস্থানের ওপর ভিত্তি করে ম্যাচটি কলম্বো অথবা কলকাতায় অনুষ্ঠিত হবে।
সুপার এইটের লড়াই চলাকালীন এক বিশেষ বার্তায় আইসিসি জানিয়েছে, পাকিস্তান সেমিফাইনালে উঠলে ৪ মার্চ কলম্বোতে প্রথম সেমিফাইনাল খেলবে। তবে পাকিস্তান বাদ পড়লেও শ্রীলঙ্কা যদি শেষ চারে ওঠে এবং তাদের প্রতিপক্ষ ভারত না হয়, সেক্ষেত্রে ম্যাচটি কলম্বোতেই হবে। অন্যদিকে ভারত সেমিফাইনালে উঠলে তারা মুম্বাইয়ে খেলবে, তবে প্রতিপক্ষ যদি পাকিস্তান হয় তবে ম্যাচটি চলে যাবে কলম্বোতে।
যদি ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা—এই তিন দলের কেউ সেমিফাইনালে না ওঠে, তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা ও মুম্বাইয়ে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মূলত ভেন্যু সংক্রান্ত ধোঁয়াশা কাটাতেই আইসিসি এই নতুন সমীকরণ স্পষ্ট করেছে, যা সুপার এইটের গ্রুপ-২ এর ফলাফলের ওপর পুরোপুরি নির্ভর করছে।