ক্রিকেটারদের আন্দোলনের মুখে বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাজমুলের পরিবর্তে অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম নিজেই।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা এবং ক্রিকেটারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নাজমুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে ক্রীড়াঙ্গন। তাঁর অপসারণের দাবিতে আজ বিপিএলের দিনের প্রথম ম্যাচ খেলতে নামেননি ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব (COAB) সাফ জানিয়ে দেয়, নাজমুলকে বোর্ড থেকে না সরালে তারা মাঠে ফিরবে না। এই অচলাবস্থা কাটাতে বিসিবি সভাপতি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের ক্ষমতাবলে নাজমুলকে দাপ্তরিক সব দায়িত্ব থেকে সরিয়ে দেন।
বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সম্মান ও ক্রিকেটের স্বার্থ রক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার। তবে গঠনতন্ত্র অনুযায়ী একজন নির্বাচিত পরিচালককে সরাসরি পদচ্যুত করার সুযোগ না থাকায় বর্তমানে তাঁকে শুধু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্রিকেটাররা এখন মাঠে ফেরেন কি না এবং নাজমুলের পরিচালক পদ শেষ পর্যন্ত বহাল থাকে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিসিবি আশা করছে, এই সিদ্ধান্তের পর খেলোয়াড়রা বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত করবেন।