ঢাকায় লাগাতার নাশকতার অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতভর বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে গুলিস্তান, কারওয়ান বাজার ও হাতিরঝিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চলমান সহিংসতা ও নাশকতার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতভর নগরীর গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে তল্লাশি চালিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ১৪২টি স্থানে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলগুলোর 'ঢাকা লকডাউন' কর্মসূচি এবং জামায়াতসহ আট দলের মহাসমাবেশকে সামনে রেখে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার রাতে মিরপুর বেড়িবাঁধে আশুলিয়া পরিবহনের একটি বাসে এবং সূত্রাপুরের ফায়ার সার্ভিসের গেটের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাস দুটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একই রাতে গুলিস্তানের জিরো পয়েন্ট, কারওয়ান বাজারের মাছের আড়তের সামনে এবং হাতিরঝিলের রেইনবো ক্রসিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া গতকাল (সোমবার) আগারগাঁও, মেরুল বাড্ডা, শাহজাদপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি ও মিরপুর এলাকায়ও একাধিক নাশকতার ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংক এবং এক উপদেষ্টার ব্যবসাপ্রতিষ্ঠানের কাছেও হামলার ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, ভোরে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মেরুল বাড্ডায় আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়, যা সম্পূর্ণ পুড়ে যায়। শাহজাদপুরেও ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লাগাতার এই সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পুলিশ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী নিশ্চিত করেছেন যে, নাশকতা রোধে আটটি বিভাগে ১৪২টি স্থানে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় সন্দেহভাজনদের চলাচল কঠোর নজরদারির আওতায় থাকবে।
এদিকে, ডিএমপি সূত্র জানিয়েছে, ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা, অর্থায়ন এবং অংশগ্রহণের অভিযোগে গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের আরও ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ পর্যন্ত এসব কর্মকাণ্ডে জড়িত তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে গত রবিবার রাতে ছাত্রলীগ নেতা দীপ পাণ্ডেকেও গ্রেপ্তার করা হয়েছে বলে নগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে।