বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এই রায়ে আরও ছয়জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানার আদেশও বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় প্রকাশ করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে আসামিরা আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবেন।
যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা আসামিরা হলেন— টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব এবং কক্সবাজারের বাহারছড়ার মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। এই ঘটনায় নিহত সিনহার বোন আদালতে মামলা করেন।
২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় রায় ঘোষণা করেন, যেখানে দুইজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে হাইকোর্ট সেই রায়ই বহাল রাখলেন।