বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। আমাদের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। এটা আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে ফারাক্কা, তিস্তাসহ পানির ন্যায্য হিস্যা ও সীমান্তে হত্যা বন্ধে গুরুত্ব দিবে বলেও জানান তিনি।
শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশ এর আগে মহানন্দা রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভারত প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, সে হিসেবে আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার।
আওয়ামী সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত সরকারের সময়ে উল্টো তারা (ভারত) আমাদের চাপে ফেলেছে। সব নিয়ে গেছে, বিনিময়ে আমাদের কিছু দেয়নি। এটা আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারের ব্যর্থতা। আমাদের দেশের স্বার্থ আমাদেরই দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা আরও বলেন, এখানকার পানির হিস্যা, সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব চেইন ঠিক করা এগুলায় আমরা বেশি গুরুত্ব দিতে চাই।
তিনি বলেন, বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল। এর মধ্যে দিয়ে তারা রাজনীতিতে ফায়দা নিতে চায়। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না। আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।