জুন-২০২৫ সিরিজের কেমব্রিজ পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১২৪ জন বাংলাদেশি শিক্ষার্থীকে 'আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস (ওসিএলএ)' প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর র্যা ডিসন ব্লু হোটেলে ব্রিটিশ কাউন্সিল এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯৪ জন ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড পেয়েছেন, যারা নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন।
বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশে এই অ্যাওয়ার্ড প্রদানকারী কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন জুন ২০২৫ কেমব্রিজ পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করতেই এই অনুষ্ঠানের আয়োজন করে।
পুরস্কারগুলো চারটি মূল ক্যাটাগরিতে প্রদান করা হয়: 'টপ ইন দ্য ওয়ার্ল্ড,' 'হাই অ্যাচিভমেন্ট,' 'টপ ইন কান্ট্রি,' ও 'বেস্ট অ্যাক্রোস'। এ বছর বাংলাদেশের ৯৪ জন শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে 'টপ ইন দ্য ওয়ার্ল্ড' অ্যাওয়ার্ড এবং ৪১ জন শিক্ষার্থী দেশে সর্বোচ্চ নম্বর পাওয়ায় 'টপ ইন বাংলাদেশ' অ্যাওয়ার্ড লাভ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজা। বিশেষ অতিথি হিসেবে ভিডিও বার্তা দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। এছাড়া, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন দেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহায়তার অঙ্গীকার তুলে ধরেন।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) বিনয় শর্মা এবং ব্রিটিশ কাউন্সিলের এক্সামস ডিরেক্টর বাংলাদেশ ম্যাক্সিম রেইম্যান শিক্ষার্থীদের নিষ্ঠা, উচ্চাকাঙ্ক্ষা ও মানসিক দৃঢ়তার জন্য অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক শিক্ষার মানোন্নয়নে তাদের অংশীদারিত্বের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে কয়েকজন সফল কেমব্রিজ অ্যালামনাই তাদের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন।