নিজস্ব প্রতিবেদক: ‘সম্পূর্ণ সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দেশের বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি’ বিদায়ী ভাষনে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ দেশের বিচার বিভাগ কখনও পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পায়নি বলে মনে করেন তিনি।
রবিবার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া সমাপনী ও বিদায়ী ভাষণে তিনি এ কথা বলেন। আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি অবসরে যাবেন। অবসরের আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটাই তার সর্বশেষ ভাষণ।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সংস্কারের শুরুতেই তাকে নীরবতা ভাঙতে হয়েছিল। তিনি পরবর্তী বিচারপতির সাহায্যের জন্য বিচার বিভাগের নীতিমালা প্রণয়ন করছেন। তিনি বলেন, বিচার বিভাগে লোকবল সংকট থাকা সত্ত্বেও বিচারকরা যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন, তা অবিশ্বাস্য। অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও হুসিয়ারী দেন তিনি। জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বিচারককে দায়িত্ব পালন করতে বলেন বিদায়ী প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, অন্তরে ভয় থাকলে বিচারক হওয়া উচিত নয়। শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তির চাপে ভয় পাওয়া যাবে না। বিচার বিভাগের সুদিনের স্বপ্নে যতই মোহিত হই না কেন, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নেই।
তিনি সমাপনী ভাষণে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ গত বছর ১১ আগস্ট ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবার পর গত ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের সংস্কারের একটি রোডম্যাপ ঘোষণা করেন। তিনি বিচার বিভাগের অনেক সংস্কারের কাজও করেছেন। সুবিধা বাড়িয়েছেন বিচারপতিদের, একই সাথে দ্রুত বিচার যাতে বিচারপ্রার্থীরা পান সে জন্য বিচারক নিয়োগ থেকে দ্রুত বিচারের ব্যবস্থাও করেছেন।