ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গুরুতর আহত হাদির সঙ্গে তাঁর দুই ভাইও সিঙ্গাপুর গেছেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) মতিঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। অর্থমন্ত্রালয় তাঁর চিকিৎসা বাবদ যাবতীয় খরচ বহনের ঘোষণা দিয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।