নিজস্ব প্রতিবেদক: নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ‘বাংলাদেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জোরালো উদ্বেগ’ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে মোদীর কুশ পুত্তুলিকা দাহ ও ভারত বিরোধী স্লোগান ও অনভিপ্রেত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বাংলাদেশে তাদের দুতাবাসের নিরাপত্তা বাড়ানোর কথাও বলেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বুধবার (১৭ ডিসেম্বর) তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ভারতের জোরালো উদ্বেগের কথা তুলে ধরা হয়। কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ডও বিশেষভাবে তার নজরে আনা হয়েছে, যারা ঢাকার ভারতীয় মিশনকে কেন্দ্র করে একটি নিরাপত্তা পরিস্থিতি তৈরির ঘোষণা দিয়েছে।
এর আগে গতসোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী কর্মকাণ্ড ও কর্মীদের দিয়ে মানুষ হত্যা করার নির্দেশনা দিচ্ছেন সেটা বন্ধে ভারতের হস্তক্ষেপ এবং তার এহেন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে তার তীব্র প্রতিবাদ জানান হয়। একই সঙ্গে দুষ্কৃতকারীরা যাতে ভারতে পালাতে না পারে বা আশ্রয় না পায় সে বিষয়ে প্রণয় ভার্মাকে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়।