মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইতালি প্রবাসীর বাড়িতে গভীর রাতে ১৫-২০ জনের এক ডাকাত দল তাণ্ডব চালিয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে জখম করে ৩ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীর পাঠানো তথ্যমতে, মৃত সাদেক আলীর বাড়িতে হানা দেয় ডাকাত দল। বাড়ির লোকজনের উপস্থিতি টের পেয়ে কেয়ারটেকার আব্দুল মালেক ও তার ছেলে রোমান বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাদের হাত-পা বেঁধে রেখে ডাকাতরা ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
বাড়ির অন্যান্য সদস্যরা আতঙ্কিত হয়ে একটি কক্ষে আশ্রয় নিলে ডাকাতরা আলমারি তছনছ করে মালামাল লুট করে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানিয়েছেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদিও এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।