দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে নতুন লুকে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলকে।
দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে দ্রুতগতিতে চলছে তার নতুন সিনেমা ‘দুর্বার’-এর চিত্রধারণ। এই সিনেমা প্রসঙ্গে অপু জানান, প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে। থ্রিলার ও অ্যাকশনে ভরপুর এই গল্পের চিত্রনাট্য তাকে মুগ্ধ করেছে বলেই তিনি সময় নিয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন এই সিনেমায় অপুর সঙ্গী হয়েছেন অভিনেতা সজল। প্রথমবারের মতো সজলের সাথে জুটি বাঁধা নিয়ে অপু বলেন, সজল ভাই অত্যন্ত মেধাবী ও বিনয়ী। তিনি আমার ‘ড্রিম হিরো’। আমাদের রসায়ন দর্শকরা নতুনভাবে উপভোগ করবেন। সিনেমার পরিচালক কামরুল হাসান ফুয়াদের কাজের প্রশংসা করে তিনি আরও জানান, দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার তাড়না থেকেই এই প্রকল্পে যুক্ত হওয়া।
নিজের চরিত্র সম্পর্কে এখনই খুব বেশি তথ্য দিতে নারাজ অপু। তিনি বিশ্বাস করেন, চলচ্চিত্রের মাধ্যমেই তার আজকের পরিচিতি, তাই ভালো গল্পের জন্য এই দীর্ঘ অপেক্ষা সার্থক। ২০২৬ সালের শুরুর দিকেই ‘দুর্বার’ মুক্তি পেতে পারে বলে জানা গেছে।