টানা সাত দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। বিতর্কিত 'ডিপি ওয়ার্ল্ড' চুক্তি স্থগিতের সরকারি আশ্বাসের পর আন্দোলনরত শ্রমিকরা তাদের ধর্মঘট স্থগিত করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই বন্দরের তিনটি প্রধান টার্মিনালে পণ্য ওঠানামা ও ডেলিভারি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ৪ দফা দাবিতে গত ৩১ জানুয়ারি থেকে বন্দরে স্থবিরতা নেমে এসেছিল। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল, বন্দর চেয়ারম্যানের পদত্যাগ এবং শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘট পালন করা হচ্ছিল। তবে সরকার নির্বাচনের আগে বিতর্কিত ওই চুক্তি না করার ঘোষণা দিলে গত রোববার মধ্যরাতে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।
সোমবার সকালের শিফট থেকেই জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। জিসিবি টার্মিনালের সাতটি জাহাজেই পণ্য খালাসের কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী।
আন্দোলনকারীরা জানিয়েছেন, জাতীয় নির্বাচন ও রমজানের পণ্য খালাসের জনস্বার্থে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে। তবে শ্রমিকদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা (গ্রেপ্তার, বদলি ও বরখাস্ত) ১৬ ফেব্রুয়ারির মধ্যে সমাধান না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সমন্বয়করা।