ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনার জন্য দুই দিনের সময় গ্রহণ করেছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। সোমবার (১২ জানুয়ারি) আদালতে হাজির হয়ে তিনি এ সময়ের জন্য আবেদন করেন, যা আদালত গ্রহণ করেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সময় আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জানুয়ারি চার্জশিট গ্রহণের পরবর্তী তারিখ ঠিক করেন।
এদিন শুনানির আগে এ মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও হাদির ভাই ওমর হাদি উপস্থিত ছিলেন।
বাদীপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল সময় আবেদন করে শুনানি করেন। শুনানির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাদী জাবের বলেন, আমরা ২ দিন সময় নিয়েছি। ১৫ জানুয়ারি আপত্তির বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে গত ৬ জানুয়ারি এ মামলায় চার্জশিট দাখিলের পর বাদী প্রক্রিয়ায় বলেন, সরকার দাবি করেছে—একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, যার ফলে ফয়সাল করিম মাসুদ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, এ কথা পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে একটি সংঘবদ্ধ খুনের চক্র জড়িত রয়েছে এবং এর পেছনে রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতা আছে। দোষীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের এই লড়াই থামবে না বলেও তিনি জানান। যে চার্জশিটে প্রকৃত দায়ীদের নাম নেই, সে চার্জশিট তারা কোনোভাবেই মেনে নেবেন না।
গত ৬ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, ফয়সালের সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্নাল ফিলিপস, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার। তারা পলাতক আছেন।
বাকী ১১ আসামি কারাগারে আটক রয়েছেন। তারা হলেন ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট এ কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মো. কবির, সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু ও নরসিংদীতে অস্ত্রসহ আটক মো. ফয়সাল।
তদন্ত কর্মকর্তা চার্জশিটে পলাতক ৬ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।