আসন্ন জাতীয় নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ৪১৮টি ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। আকাশপথের নজরদারির পাশাপাশি এবারই প্রথম ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক অভিযোগ প্রতিকারের ব্যবস্থা করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনি নিরাপত্তায় ড্রোনগুলো বিভিন্ন বাহিনীর মধ্যে বণ্টন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী ২০০টি, বিজিবি ১০০টি এবং পুলিশ ৫০টি ড্রোন ব্যবহার করবে। এছাড়া নৌবাহিনী, র্যা ব, কোস্টগার্ড ও আনসার বাহিনীর কাছেও নির্দিষ্ট সংখ্যক ড্রোন থাকবে। পাশাপাশি দুর্গম ও চরাঞ্চলে টহল জোরদারের লক্ষ্যে বিজিবি ও কোস্টগার্ডের বিশেষ ইউনিট কাজ করবে এবং দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনি সামগ্রী পাঠানো হবে।
নির্বাচনকে প্রভাবমুক্ত ও স্বচ্ছ রাখতে এনটিএমসি’র তৈরি করা নতুন অ্যাপটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সাথে সরাসরি যুক্ত থাকবে। উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভোটের আগের ৪ দিন নিবিড় টহল পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।