ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমে 'বিভ্রান্তিকর তথ্য' প্রচার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, কোনো গুলি চলেনি এবং কেউ গুলিবিদ্ধ হননি। অথচ বড় বড় গণমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট যাচাই না করেই ভুল খবর প্রচার করেছে, যা সহিংসতা উসকে দিতে পারত।
শফিকুল আলম জানান, ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবের আহত হওয়ার পর তার ফেসবুক থেকে 'গুলিবিদ্ধ' হওয়ার পোস্ট দেওয়া হয়। অনেক টেলিভিশন ও সংবাদপত্র এই পোস্টকেই সত্য ধরে নিয়ে খবর প্রচার করে। কিন্তু ডিএমপি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিশ্চিত করেছে যে, কোনো গুলি চালানো হয়নি এবং কেউ গুলিবিদ্ধ হননি। অন্তর্বর্তী সরকারের নীতি অনুযায়ী পুলিশ এখন আর প্রাণঘাতী অস্ত্র বহন করে না।
প্রেস সচিব বলেন, গত ১৮ মাস গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করলেও মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে চরম ব্যর্থতা দেখা যাচ্ছে। ক্লিকবেইট সাংবাদিকতার কারণে বড় ধরনের দাঙ্গা বা অরাজকতা সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছিল। তিনি উল্লেখ করেন, এর আগেও বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনা নিয়ে অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের ফলে উপদেষ্টাদের আটকে রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
শফিকুল আলমের মতে, সংবাদ সংগ্রহ একটি গুরুদায়িত্ব। একটি ভুল তথ্য জনজীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি গণমাধ্যমগুলোকে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়ে বলেন, সরকার ও রাজনীতিকদের ভুল ধরায় সাংবাদিকরা যতটা সোচ্চার, নিজেদের ভুলের ক্ষেত্রেও তাদের ততটা দায়িত্বশীল হওয়া উচিত।