ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন, যাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান জানান, ফুলপুর ক্যাম্পের কাজ শেষ করে সেনাবাহিনীর একটি ট্রাক ময়মনসিংহের দিকে ফিরছিল। পথে বালিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাসচালক আব্দুল বাসেতকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও পুলিশের তৎপরতায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।