দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধ না করায় ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় সংস্থাটি এখন আর বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারছে না। এর ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে যাতায়াতে স্পাইসজেটের ফ্লাইটের দূরত্ব, সময় এবং জ্বালানি খরচ কয়েক গুণ বেড়ে গেছে, যা আর্থিক সংকটে থাকা এয়ারলাইন্সটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশের আকাশপথ ব্যবহারের 'ওভারফ্লাইট চার্জ' বাবদ বড় অঙ্কের টাকা বকেয়া রেখেছে ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট। বেবিচক সূত্রে জানা গেছে, পাওনা পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও সংস্থাটি কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বারবার সময় দেওয়ার পরও বকেয়া না মেটানোয় শেষ পর্যন্ত কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের আকাশপথের নিয়ন্ত্রক সংস্থা বেবিচক। গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশের আকাশসীমায় স্পাইসজেটের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম 'ফ্লাইটরাডার২৪'-এর তথ্য অনুযায়ী, কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী স্পাইসজেটের ফ্লাইটগুলো এখন বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘ বিকল্প পথ ঘুরে চলাচল করছে। সাধারণত বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে পৌঁছাতে সময় ও জ্বালানি উভয়ই সাশ্রয় হয়। তবে এই নিষেধাজ্ঞার কারণে প্রতিটি ফ্লাইটে আগের চেয়ে অনেক বেশি সময় লাগছে, যা সরাসরি বিমান সংস্থাটির পরিচালন ব্যয় বাড়িয়ে দিয়েছে।
এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, আগে থেকেই আর্থিক সংকটে থাকা স্পাইসজেটের জন্য এই নিষেধাজ্ঞা পরিস্থিতি আরও জটিল করে তুলবে। গত বছরের ডিসেম্বর প্রান্তিকে ২৬৯ কোটি রুপির বেশি লোকসান করা এই সংস্থাটির ওপর অতিরিক্ত জ্বালানি খরচের বোঝা এখন বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। বকেয়া পরিশোধ করে পুনরায় অনুমতি না পাওয়া পর্যন্ত স্পাইসজেটের জন্য এই গুরুত্বপূর্ণ রুটে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।