ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার খবরের মাঝেই বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব দেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। ইরানের পাল্টা কামড় হিসেবে ইসরায়েল অভিমুখে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া যাচ্ছে। এই চরম উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলের আরও কয়েকটি দেশে সিরিজ বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের খবর আসে। এর পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। ঠিক একই সময়ে কুয়েতেও বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরা আরবি বিভাগের সংবাদকর্মীরা। সেখানে সাধারণ মানুষকে সতর্ক করতে সাইরেন বাজানো হচ্ছে।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান এই পাল্টাপাল্টি হামলার প্রভাবেই মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
বিস্ফোরণগুলো কি সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কোনো লক্ষ্যবস্তু ধ্বংসের শব্দ, তা এখনো স্পষ্ট নয়। কোনো দেশ থেকেই এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অস্থিতিশীল ও অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।