জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ১৯৯ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। দীর্ঘ দেড় যুগ পর হতে যাওয়া এই আধুনিকায়ন কাজে মসজিদে চলন্ত সিঁড়ি এবং ১৬৪ ফুট উঁচু দৃষ্টিনন্দন মিনার যুক্ত করা হচ্ছে। ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হয়ে ২০৩০ সালের মধ্যে এই উন্নয়ন কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের চূড়ান্ত করা এই প্রকল্পের আওতায় জাতীয় মসজিদের স্থাপত্যশৈলীতে বড় ধরনের পরিবর্তন আনা হবে। মসজিদের তিনতলা পর্যন্ত আধুনিক চলন্ত সিঁড়ি স্থাপনের পাশাপাশি উত্তর ও পূর্ব দিকে ৮০ ফুট উচ্চতার বিশাল প্রবেশদ্বার নির্মাণ করা হবে। এছাড়া দুই পাশে দুটি ১৬৪ ফুট উঁচু মিনার মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। নারীদের নামাজের জায়গা আধুনিকায়নসহ তাদের যাতায়াতের জন্য দক্ষিণ দিকে আলাদা সিঁড়ি তৈরি করা হবে। আধুনিক অজুখানা, শক্তিশালী সাউন্ড সিস্টেম এবং ভিআরএফ প্রযুক্তির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে মুসল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হবে।
পরিকল্পনা কমিশনের অনুমোদন পাওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা। এর বড় অংশ খরচ হবে মূল ভবন, ফটক ও মিনার নির্মাণে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বজলুর রশীদ জানিয়েছেন, মসজিদটিকে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। এখন একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেলেই শুরু হবে মাঠ পর্যায়ের কাজ। সংস্কারের পাশাপাশি এখানে চারতলা অফিস ভবন ও গাড়ি পার্কিং এলাকারও আধুনিকায়ন করা হবে।