জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার দীর্ঘ প্রতীক্ষিত সিদ্ধান্তটি আমলাতান্ত্রিক জটিলতার কারণে ঝুলে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে এই সংস্কার কাজ আর বাস্তবায়িত হচ্ছে না। অর্থনীতিবিদরা বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন এবং এর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এখন আগামী নির্বাচিত সরকারের ওপর বর্তেছে।
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—এই দুই বিভাগে এনবিআরকে ভাগ করার জন্য গত মে মাসে অধ্যাদেশ জারি করা হয়েছিল। লক্ষ্য ছিল কর আদায়ে স্বচ্ছতা আনা এবং অর্থনীতিকে গতিশীল করা। তবে শুরু থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামেন, যা আমদানি-রপ্তানি কার্যক্রমকে প্রায় অচল করে দিয়েছিল।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি সচিব পর্যায়ের বৈঠকেও বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। মূলত এনবিআরের বিভক্ত দুই বিভাগের সচিব কোন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণেই বাস্তবায়ন প্রক্রিয়া থমকে গেছে। পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার মনে করেন, জাতীয় স্বার্থের এই গুরুত্বপূর্ণ সংস্কারটি পিছিয়ে দেওয়ার দায় সরকারকেই নিতে হবে।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, কর আদায়ে সংস্কার না আনলে দেশ ভয়াবহ ঋণফাঁদের দিকে এগিয়ে যাবে। সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, নতুন নির্বাচিত সরকারকে অবশ্যই এনবিআর সংস্কারকে অগ্রাধিকার দিতে হবে। একইসাথে কর্মকর্তাদের মানসিক ভীতি দূর করে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে, আন্দোলনে জড়িত কর্মকর্তাদের লঘু দণ্ড দিয়ে পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এনবিআর।