দেশের সকল শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধ করার কড়া নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৪ মার্চ) ঢাকায় এক উচ্চপর্যায়ের সভায় তিনি বলেন, শ্রমিকদের পাওনা নিয়ে কোনো ধরনের জটিলতা সহ্য করা হবে না। এছাড়া যেসব ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রমমন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দেওয়া হবে, যাতে তারা সরাসরি মালিকপক্ষের সঙ্গে কথা বলে পাওনা নিশ্চিত করতে পারেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অহেতুক শ্রমিকদের উত্তেজিত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ওপর সজাগ দৃষ্টি রাখা হবে। পলাতক মালিকদের তালিকা তৈরির নির্দেশনাও দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে বন্ধ কারখানাগুলো চালুর অগ্রাধিকার রয়েছে। বিজিএমইএ সভাপতি জানান, তাদের ৯২ শতাংশের বেশি কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৭২ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে। বিকেএমইএ সভাপতিও জানান, অধিকাংশ কারখানা পাওনা মিটিয়ে দেওয়ায় বড় কোনো অসন্তোষের আশঙ্কা নেই। তবে মার্চ মাসের বেতন নিয়ে যাতে কেউ উসকানি দিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়।