নেওয়ার সুযোগ কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংকগুলোকে একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল বরোয়ার লিমিট) কঠোরভাবে মেনে চলতে হবে, যাতে বড় প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী ঋণের জন্য বন্ড বাজারের দিকে আগ্রহী হয়।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বন্ড মার্কেট বিষয়ক এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক থেকে আলাদা করার সময় এসেছে। বর্তমানে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে খেলাপি ঋণের ঝুঁকি বাড়ছে। এই নির্ভরতা কমাতে বড় কোম্পানিগুলোকে বন্ড ইস্যু করার জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।
গভর্নর জানান, বন্ড ইস্যুর প্রক্রিয়া সহজ করা, খরচ কমানো এবং প্রয়োজনে বিশেষ প্রণোদনা দেওয়ার বিষয় নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি আরও বলেন, ৫-৬ লাখ কোটি টাকার সঞ্চয়পত্রের বাজারকে সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য করতে পারলে বন্ড বাজারের আকার দ্রুত দ্বিগুণ হওয়া সম্ভব। তবে উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকের ১৬ শতাংশ সুদহারকে বন্ড মার্কেট উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন তিনি।
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে খুব সহজে ঋণ পাওয়ায় পুঁজিবাজারে আসতে আগ্রহী হয় না। দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণের কারণেই দেশে খেলাপি ঋণের পরিমাণ বড় হচ্ছে।
সেমিনারে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার জানান, সঞ্চয়পত্রের সীমা তুলে দেওয়ার পাশাপাশি ট্রেজারি বন্ডের লেনদেন সহজ করতে কারিগরি ত্রুটি সংশোধনের কাজ চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল হলে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশে একটি শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলা সম্ভব হবে।