শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে যুক্ত করা এবং শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুলিশের হামলার বিচারের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের হাদি চত্বরে অবস্থান নেন। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে আন্দোলনকারীরা এখনো সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
ইনকিলাব মঞ্চের প্রধান দাবি হলো—হাদি হত্যার তদন্তে আন্তর্জাতিক সংস্থাকে সম্পৃক্ত করা এবং গতকালের বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিচার। দুপুরে শহীদ মিনারে সমবেত হওয়ার পর একটি বিশাল মিছিল শাহবাগে পৌঁছালে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। আন্দোলনকারীরা শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।