দেশে বিদ্যমান সকল বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এখন থেকে সরাসরি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-র নিয়ন্ত্রণে পরিচালিত হবে। এ লক্ষ্যে ১৯৯৬ সালের পুরোনো আইন বাতিল করে ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে দেশের শিল্প ও বিনিয়োগ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বেসরকারি ইপিজেডগুলো ‘বেসরকারি অর্থনৈতিক অঞ্চল’ হিসেবে গণ্য হবে এবং এগুলোর তদারকি করবে বেজা। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাদেশের গুরুত্বপূর্ণ দিকসমূহ:
• সুবিধা বহাল: পুরোনো আইনের অধীনে প্রাপ্ত লাইসেন্সগুলো বৈধ থাকবে। উদ্যোক্তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। এছাড়া বন্ডেড ও রেয়াতি সুবিধাও আগের মতো বহাল থাকবে।
• প্রশাসনিক পরিবর্তন: আগের ‘গভর্নর বোর্ড’ ও ‘নির্বাহী সেল’ বিলুপ্ত করা হয়েছে। ওই সেলে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী সরাসরি বেজা-তে বদলি হবেন।
• আইনি বিষয়: বিলুপ্ত বোর্ডের অধীনে চলমান যেকোনো মামলা বা আইনি কার্যক্রম এখন থেকে বেজা’র অধীনে পরিচালিত হবে।
১৯৯৬ সালে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বিশেষ আইন করা হলেও বর্তমান প্রেক্ষাপটে বিনিয়োগ ব্যবস্থাকে আরও আধুনিক ও সমন্বিত করতে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।