আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) বাংলাদেশের জলবায়ু-সংবেদনশীল অঞ্চলে জীবিকা ও গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নের জন্য একটি নতুন প্রকল্পে ৫১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার সহ-অর্থায়ন অনুমোদন করেছে। ২১১ দশমিক ৭ মিলিয়ন ডলার মোট বাজেটের এই প্রকল্পের লক্ষ্য হলো হাওর, উপকূলীয় এলাকা, বরিন্দ এবং চর অঞ্চলের প্রায় ১ দশমিক ১ মিলিয়ন মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।
শনিবার (১৩ ডিসেম্বর) ইফাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে।
ইফাদের অনুমোদিত এই প্রকল্পটি ২০২৬ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কার্যকর করা হবে। বিশেষ করে হাওর, উপকূলীয় এলাকা, উচ্চ বরিন্দ এবং নদী চর অঞ্চলে এটি বাস্তবায়িত হবে।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র কৃষক, গ্রামীণ মাইক্রোএন্টারপ্রাইজ এবং যুব উদ্যোক্তাদের সহায়তা করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এবং বৈচিত্র্যপূর্ণ ও টেকসই জীবনযাত্রা নিশ্চিত করা।
প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন বাস্তবায়ন করবে এবং পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে এটি কার্যকর করা হবে।
'গ্রিন প্রকল্প' নামে পরিচিত এই উদ্যোগের আওতায় ফসল, পশুপালন ও মৎস্য খাতে জলবায়ু-বান্ধব অনুশীলন সম্প্রসারণ করা হবে। এর মধ্যে নবায়নযোগ্য শক্তি, দক্ষ পানি ব্যবহারের প্রযুক্তি, জৈব কৃষি পদ্ধতি এবং ক্ষুদ্র প্রক্রিয়াকরণ পদ্ধতির প্রবর্তন অন্তর্ভুক্ত। এছাড়াও, পিকেএসএফের নেটওয়ার্ক ব্যবহার করে নারী, যুব ও মাইক্রোএন্টারপ্রাইজের জন্য জলবায়ু-সচেতন আর্থিক পরিষেবা প্রসারিত করা হবে।
ইফাদ জানিয়েছে, এই প্রকল্পটি দেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং ডেল্টা প্ল্যান ২১০০-কে সমর্থন করবে। এটি দারিদ্র্য নিরসন, ক্ষুধা শূন্য, লিঙ্গ সমতা এবং জলবায়ু কর্মসূচিসহ একাধিক টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও সহায়ক হবে।