রমজান মাসকে সামনে রেখে রাজধানীর খেজুরের বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নির্বাচন ও গণভোটের ছুটি শেষে সাধারণ মানুষ ঢাকায় ফিরতে শুরু করায় বেচাকেনা বেড়েছে কয়েকগুণ। যদিও সরকারি সংস্থা টিসিবির দাবি অনুযায়ী গত বছরের তুলনায় খেজুরের দাম কিছুটা কমেছে, তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজারে খেজুরের দাম চড়া। অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যেই থাকবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, ইফতারের প্রধান উপকরণ খেজুর কিনতে ভিড় করছেন সব শ্রেণির মানুষ। বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি খেজুর ২৫০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাধারণ মানের সুক্কারি বা দাব্বাস ৪০০-৪৫০ টাকায় মিললেও আজওয়া বা মেডজুলের মতো উন্নত মানের খেজুরের কেজি ঠেকেছে ১২০০ থেকে ১৫০০ টাকায়। স্বল্প আয়ের মানুষের কাছে ইরাকের জাহিদি ও দাবাস খেজুরের চাহিদা সবচেয়ে বেশি।
বিক্রেতারা জানিয়েছেন, কয়েক দিনের ছুটির পর বাজার খোলার কারণে চাহিদাও যেমন বেড়েছে, দামও কিছুটা বাড়তি। তবে টিসিবির বাজারদর বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় খেজুরের গড় দাম প্রায় ৬.৪১ শতাংশ কমেছে। এর আগে টাস্কফোর্স কমিটির বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে তদারকি বাড়লে অসাধু উপায়ে দাম বাড়ানোর সুযোগ থাকবে না এবং সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন।