বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) আওতায় বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার দিয়েছে রাশিয়া। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে রাশিয়ার রাষ্ট্রদূত এই সার হস্তান্তর করেন। বৈশ্বিক সংকটের এই সময়ে রাশিয়ার শীর্ষ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘উরালকেম’-এর এই উদ্যোগকে ফলপ্রসূ আন্তর্জাতিক সহযোগিতার উদাহরণ হিসেবে দেখছে সরকার।
রাজধানীর বিএআরসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বর্তমানে দেশে ইউরিয়া বাদে অন্য সব সারের মজুত ১০ লাখ ৩৫ হাজার টনে দাঁড়িয়েছে, যা বিএডিসি-র ইতিহাসে সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও সার সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য বড় সাফল্য।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষি খাতে অভাবনীয় উন্নতি হয়েছে। গত তিন বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ধানের উৎপাদন ৬ শতাংশ এবং আলুর উৎপাদন ১৪ শতাংশ বেড়েছে। এছাড়া সরিষা উৎপাদনে রেকর্ড ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই উপহারের সার দেশের কৃষি উৎপাদনকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিনসহ ডব্লিউএফপি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।