তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর নির্মাণশৈলী আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তথ্য ভবনে ২০২৪-২৫ অর্থবছরের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে আয়োজিত একটি গাইডলাইন ল্যাব-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। গাইডলাইন প্রদান-বিষয়ক এই ল্যাবে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশেষ করে তরুণ নির্মাতারা উপকৃত হবেন এবং তাদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হবে।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই চলচ্চিত্র নির্মাণে সমন্বিত ব্যবস্থাপনা চালু রয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হয়নি। তবে কবিরপুর ফিল্ম সিটি নির্মিত হলে দেশে চলচ্চিত্র নির্মাণে আধুনিক ও সমন্বিত অবকাঠামো গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এবারই প্রথমবার অনুদানপ্রাপ্ত নির্মাতাদের নিয়ে এ ধরনের ল্যাব আয়োজন করা হয়েছে। তিনি নির্মাতাদের আহ্বান জানান, ল্যাবে অর্জিত জ্ঞান যেন তারা চলচ্চিত্রের গুণগত মান বৃদ্ধিতে যথাযথভাবে প্রয়োগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস. এম. ইমরান হোসেন এবং তথ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।