তরুণ নির্মাতা অনিক বিশ্বাসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মার্বেল’-এর ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকেলে প্রকাশিত এই পোস্টারে চিত্রনায়ক ম্যাক দিদারের মারমুখী ও বিধ্বংসী উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। পোস্টারটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, দর্শকদের জন্য এক ভরপুর অ্যাকশন ঘরানার সিনেমা নিয়ে আসছেন অনিক।
গত বিজয় দিবসে নাম ঘোষণার পর থেকেই ‘মার্বেল’ নিয়ে দর্শকদের মাঝে কৌতূহল ছিল। শুক্রবার প্রকাশিত পোস্টারে দেখা যায়, নায়ক ম্যাক দিদার রক্তমাখা শরীরে এক হাতে দেশীয় অস্ত্র এবং অন্য হাতে শিকলে বাঁধা একটি হিংস্র কুকুর নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন ব্যতিক্রমী ও আক্রমণাত্মক ভিজ্যুয়াল প্রেজেন্টেশন বাংলা সিনেমায় খুব একটা দেখা যায় না।
পরিচালক অনিক বিশ্বাস নিজেই সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন। তিনি জানান, চলতি মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে। সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনো গোপন রাখা হলেও খুব দ্রুতই তা প্রকাশ করা হবে। সিলভার স্ক্রিন ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি সব ঠিক থাকলে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।