ফরিদপুরে কনসার্ট পন্ড হওয়া সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা বলে দায়ী করলেন দেশবরেণ্য সংগীতশিল্পী জেমস। গত শুক্রবার (২৬ ডিসেম্বর ) রাতে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক কনসার্ট। সেখানে পারফর্ম করার কথা ছিল নগরবাউল খ্যাত জেমসের। তিনি মঞ্চে উঠার আগেই শুরু হয় হট্টগোল। ভয়াবহ হামলায় পন্ড হয়ে যায় কনসার্টটি। ছড়িয়ে পড়ে ৫ জনের মৃত্যুর গুজবও। সেই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোরগোল। ফরিদপুরেও এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।
দেশবরেণ্য সংগীতশিল্পী জেমসের গান শোনার জন্য যখন স্কুলের হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অপেক্ষা করছিলেন, ঠিক তখনই শুরু হয় বিশৃঙ্খলা। অনুষ্ঠানটি পণ্ড হওয়া নিয়ে নগরবাউল ও জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সংবাদমাধ্যমে জানান, তারা অনুষ্ঠানের জন্য সন্ধ্যা সাড়ে সাতটায় ফরিদপুর পৌঁছান। গেস্ট হাউসে থাকাকালীনই তারা বিশৃঙ্খলার খবর পান। রাত সাড়ে ১০টায় পরিস্থিতি চরম আকার ধারণ করলে আয়োজকরা অনুষ্ঠান বাতিলের কথা জানান এবং এরপর তারা ঢাকায় ফিরে আসেন। সেই সাথে জেমস বলেন এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।
তিনি জিলা স্কুলে যাওয়ার আগেই বিশৃঙ্খলা হওয়ায় গেস্ট হাউজ থেকে সরাসরি ঢাকায় চলে যান। এ সময় তার সঙ্গে থাকা লোকগুলো শিল্পীর নিরাপত্তার দিকটা খেয়াল রাখেন।
আয়োজক কমিটির তথ্য মতে, অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিতদের জন্য থাকলেও জেমসের আসার খবর শুনে কয়েক হাজার অনিবন্ধিত বহিরাগত দর্শক ভিড় জমান। তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে তারা গেটের সামনে ও সড়কে অবস্থান নেন, দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এক পর্যায়ে স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু হয়। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ প্রায় ২৫-৩০ জন আহত হন এবং ১০-১২ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।