বক্স অফিস কাঁপানো ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে যখন দর্শকদের উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ই বলিউডের অন্দরমহল থেকে এলো এক হতাশাজনক খবর। ছবিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না, যা ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে বাড়তি কৌতূহল ও উদ্বেগ।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির বিশাল সাফল্যের রেশ কাটতে না কাটতেই এমন খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে টিনসেল টাউনে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২ অক্টোবর ‘দৃশ্যম ৩’ মুক্তি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন নির্মাতারা।
সবকিছু যখন নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অভিনেতা ও নির্মাতাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। অভিনয়ের পারিশ্রমিক নিয়ে অক্ষয়ের কোনো আপত্তি ছিল না বরং অনস্ক্রিন উপস্থিতি আরও শক্তিশালী করা এবং চরিত্রে গভীরতা আনার লক্ষ্যে তিনি নির্মাতাদের কাছে কিছু নির্দিষ্ট পরিবর্তনের প্রস্তাব রাখেন।
তবে চিত্রনাট্যের সেই পরিবর্তনগুলোতে সায় দেননি পরিচালক ও প্রযোজক। সৃজনশীল এই মতানৈক্যের কারণেই শেষ পর্যন্ত এই মেগা প্রজেক্ট থেকে সরে দাড়াঁনোর সিদ্ধান্ত নেন অক্ষয়। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অক্ষয় কিংবা ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে রণবীর সিং ডন ৩ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কাকতালীয়ভাবে রণবীর ও অক্ষয় দুজনেই ধুরন্ধর ছবিতে পর্দা শেয়ার করেছেন।