যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’ অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলায় আহত হয়ে ৭৭৭ জন ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২ মার্চ) ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মূলত ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত এবং শেল্টারে যাওয়ার সময় হুড়োহুড়িতে এই বিপুল সংখ্যক মানুষ জখম হয়েছেন।
শনিবারের পাল্টা হামলার পর ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭৭৭ জন চিকিৎসাধীন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে ৮৬ জন জরুরি বিভাগে ভর্তি আছেন এবং ৪ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এছাড়া ২০ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়েই অধিকাংশ মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতের পাশাপাশি এই গণ-আতঙ্কই আহতের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। বর্তমানে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে এবং বেশ কিছু রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।