ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দুই দেশের যৌথ সামরিক অভিযানের মাধ্যমে ইরানের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এই হামলার পর তেহরানের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ইরানের পক্ষ থেকে পাল্টা জবাবের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত থেকে তেহরানের বিভিন্ন এলাকায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এই অপারেশনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি পরিকল্পিত যৌথ সামরিক অভিযান। ইরানের স্থানীয় গণমাধ্যম ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পরপরই গোটা রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তাৎক্ষণিকভাবে দেশজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারির নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলের প্রধান শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দুই সামরিক শক্তির সরাসরি সংঘাতের ফলে পুরো অঞ্চলে যুদ্ধের দামামা বেজে উঠেছে।