ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
রবিবার (১ মার্চ) করাচির মাই কোলাচি সড়কে অবস্থিত কনস্যুলেটের কাছে এই ভয়াবহ সংঘাত ঘটে। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
দেশ রূপান্তর ও পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্যমতে, উত্তেজিত জনতা মার্কিন কনস্যুলেটের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। করাচি সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। তিনি সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। খামেনি হত্যার প্রতিবাদে পুরো পাকিস্তানে উত্তেজনা বিরাজ করছে এবং করাচির স্পর্শকাতর এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।