সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যজুড়ে নজিরবিহীন তাণ্ডব শুরু করেছে ইরান।
রবিবার (১ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং ইসরায়েলের তেল আবিবে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। কাতারে ইরানি হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বাজছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতার নিহতের ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েছে ইরান। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোর থেকেই প্রতিবেশী দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে তেহরান। কাতারের রাজধানী দোহায় অন্তত ১১টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও ৮ জন আহত হওয়ায় মোট আহতের সংখ্যা এখন ১৬। এছাড়া বিভিন্ন স্থাপনায় সীমিত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়েও বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। অন্যদিকে, চিরশত্রু ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। রোববার সকাল ৬টার পর থেকেই ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানি হামলা প্রতিহত করার চেষ্টা চলছে। তবে হামলার তীব্রতা এতই বেশি যে যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই প্রতিশোধমূলক অভিযান আরও দীর্ঘস্থায়ী হতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে পুরোপুরি ধসিয়ে দিতে পারে।