মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 'গাজা পরিকল্পনা' বাস্তবায়নে বড় অগ্রগতি হয়েছে। ফিলিস্তিনের এই ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠাতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কসোভো ও আলবেনিয়াসহ পাঁচটি দেশ। ওয়াশিংটনে অনুষ্ঠিত 'বোর্ড অব পিস'-এর বৈঠকে ট্রাম্প জানান, গাজা পুনর্গঠন তহবিলে ইতোমধ্যে ৭০০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর প্রাথমিক পদক্ষেপ শুরু হলো।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিতে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে (আইএসএফ) যোগ দিচ্ছে পাঁচটি দেশ। ওয়াশিংটনে আয়োজিত 'বোর্ড অব পিস'-এর প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আইএসএফ কমান্ডার জেনারেল জ্যাসপার জেফারস জানান, ইন্দোনেশিয়া, মরক্কো, কসোভো ও আলবেনিয়া সরাসরি সেনা পাঠাতে রাজি হয়েছে। ইন্দোনেশিয়া এই বাহিনীর জন্য একজন ডেপুটি কমান্ডার নিয়োগের বিষয়েও সম্মতি দিয়েছে।
বৈঠকে অংশ নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো ঘোষণা করেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তার দেশ সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠাতে প্রস্তুত। কাজাখস্তান তাদের চিকিৎসা ইউনিটসহ বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি দিলেও মরক্কো ও আলবেনিয়া তাদের পুলিশ এবং সেনা সদস্য মোতায়েনের কথা জানিয়েছে। অন্যদিকে মিশর ও জর্ডান সরাসরি সেনা না পাঠিয়ে গাজার নতুন পুলিশ বাহিনীকে উন্নত প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব নিয়েছে। রাফা শহর থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে, যার লক্ষ্য হলো ১২ হাজার পুলিশ ও ২০ হাজার সেনার একটি শক্তিশালী বাহিনী গড়ে তোলা।
উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গাজা পুনর্গঠন তহবিলের জন্য বোর্ড অব পিসের নয়টি সদস্য রাষ্ট্র সম্মিলিতভাবে ৭০০ কোটি ডলার প্রদানের অঙ্গীকার করেছে। ২০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠকটি গাজার ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো তৈরিতে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে গাজায় প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করে দ্রুত পুনর্গঠন কাজ শুরু করা হবে।