গাজায় কার্যকর থাকা কথিত ‘যুদ্ধবিরতি’র মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজা শহর, খান ইউনিস এবং আল-মাওয়াসি উপকূলের তাবু শিবিরে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ১১ বছর বয়সী এক কন্যাশিশু এবং রেড ক্রিসেন্টের একজন কর্মীও রয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘যুদ্ধবিরতি’র ঘোষণা থাকলেও গাজাবাসীর জীবনে স্বস্তি ফেরেনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) কোনো ধরনের সতর্কতা ছাড়াই গাজা শহরের তুফাহ ও জেইতুন এলাকার আবাসিক এলাকায় গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৪ জন প্রাণ হারান।
দক্ষিণ গাজার খান ইউনিস ও আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাবু শিবিরে বিমান হামলায় আরও ৬ জন নিহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছে যে, তাদের কর্মী হুসেইন হাসান হুসেইন আল-সুমাইরি এই হামলায় শহীদ হয়েছেন। এছাড়া এদিন ইসরায়েলি কর্তৃপক্ষ রেড ক্রসের মাধ্যমে ৫৪ জনের মরদেহ এবং ৬৬টি বাক্সে ‘মানবদেহের খণ্ডাংশ’ গাজায় হস্তান্তর করেছে, যা স্থানীয় চিকিৎসা দল পরীক্ষা করে দেখছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, উত্তর গাজায় তাদের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার জেরে তারা এই বিমান ও সাঁজোয়া হামলা চালিয়েছে। তবে স্থানীয়রা বলছেন, ইসরায়েল নিয়মিতভাবে ‘হলুদ রেখা’ বা নিয়ন্ত্রণ রেখার অবস্থান পরিবর্তন করে গাজাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কেবল কথিত এই ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের এই নৃসংশতাকে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে এ সংক্রান্ত মামলা চলমান রয়েছে।