অষ্টাদশ শতাব্দীতে ইঞ্জিন আবিষ্কারের পর থেকেই বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে ‘তেল’। বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মূলে আদর্শিক লড়াইয়ের চেয়েও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ বড় হয়ে দেখা দিয়েছে।
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল মজুতকারী দেশ ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ও মানবাধিকারের অজুহাত দিলেও বিশ্লেষকরা একে সাম্রাজ্যবাদী আধিপত্যের লড়াই হিসেবে দেখছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ড্রোন হামলা, হরমুজ প্রণালি অবরোধ এবং বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে।
ঐতিহাসিকভাবে অজেয় পারস্য বা বর্তমান ইরান ১৯৫১ সালে মোসাদ্দেক হোসেনের আমলে তেল জাতীয়করণের পর থেকেই পশ্চিমাদের চক্ষুশূলে পরিণত হয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সেই বিরোধ চূড়ান্ত রূপ নেয়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালের জুন থেকে শুরু হওয়া এই যুদ্ধ বর্তমানে এক ভয়াবহ রূপ নিয়েছে। যুদ্ধে ইরান ‘মোজাইক ডিফেন্স’ ও প্রক্সি ওয়ারের কৌশল অবলম্বন করে সংঘাতকে দীর্ঘায়িত করছে, যার ফলে প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যয় হচ্ছে প্রায় ৩.৫ বিলিয়ন ডলার।
যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলারে পৌঁছেছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন ও তেল ট্যাংকার চলাচল বন্ধ করে দেওয়ায় এশিয়া ও ইউরোপে জ্বালানি সংকট তীব্র হয়েছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর থেকে তেলের নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে, তুরস্ক, মিশর ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করলেও ইরানের কঠোর শর্ত—যেমন মার্কিন ঘাঁটি বন্ধ ও যুদ্ধের ক্ষতিপূরণ—মেনে নেওয়া ওয়াশিংটনের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত।