নিজস্ব প্রতিবেদক: তিন দিনের ব্যবধানে আবারো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায় ইসলামাবাদ। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
দুই নেতা দ্বিপাক্ষিক বিষয় পর্যালোচনা এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। তারা কাল শনিবার ( ১০ জানুয়ারি) জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টারস অধিবেশন সময়োপযোগীভাবে আহ্বানের প্রশংসা করেছেন।
এর আগে, গত ৪ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেন ইসহাক দার। তিনি সে সময় চীনের সঙ্গে পাকিস্তানের সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিতে বেইজিং সফরে ছিলেন। সেখান থেকে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন ইসহাক দার।