থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করে সড়কের মাটি ধসে তৈরি হওয়া একটি বিশাল সিঙ্কহোলে তিনটি যানবাহন তলিয়ে গেছে। এই ঘটনার পর আশপাশের ভাজিরা হাসপাতালসহ স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সময় প্রায় ৭টার দিকে ব্যাংককের দুডসিত জেলায় সামসেন রোডে, ভাজিরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল থাই পুলিশ (আরটিপি)।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ধসের ফলে প্রায় ৩০ বাই ৩০ মিটার (৯৮ বাই ৯৮ ফুট) আকারের এবং ৫০ মিটার (১৬০ ফুট) গভীর একটি গর্ত তৈরি হয়েছে, যা আরও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ধসে পড়ে দুটি বৈদ্যুতিক খুঁটি ও একটি স্টেশন কার গর্তে পড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য নেশন’ জানিয়েছে, ধসের কারণে সামসেন মেট্রোপলিটন পুলিশ স্টেশনেরও ক্ষতি হয়েছে এবং স্টেশনের একটি টো-ট্রাকসহ আরও দুটি গাড়ি গর্তে পড়ে গেছে।
ভাজিরা হাসপাতাল খালি করে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার জন্য তাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকক গভর্নর চাদচার্ট সিট্টিপুন্ট গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিকটবর্তী ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের নির্মাণকাজ থেকেই এ সিঙ্কহোলের উৎপত্তি।
দ্য নেশন আরও জানায়, টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে গর্তটি আরও বড় হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় হঠাৎ মাটি ধসে পড়ে এবং কয়েকটি যানবাহন গর্তে পড়ে যায়। ধসের ফলে শহরের ভূগর্ভস্থ অবকাঠামো উন্মুক্ত হয়ে পড়ে।
ঘটনার পর জাতীয় পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ ব্যুরোকে নির্দেশ দিয়েছেন, ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে। পুলিশ জানিয়েছে, রাস্তা ধসে পড়া, পানির বড় পাইপের ক্ষতি এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।