ভেনেজুয়েলায় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ বা হত্যার ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত আঘাত’ হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, ট্রাম্পের এই বক্তব্যকে সন্ত্রাসবাদে উসকানি ও ঔপনিবেশিক মানসিকতা হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।
ভেনেজুয়েলা সংকটের পর এবার মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার (৪ জানুয়ারি) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর ওয়াশিংটন তীক্ষ্ণ নজর রাখছে।
ট্রাম্প সতর্ক করে বলেন, "ইরানে যদি আগের মতো বিক্ষোভকারীদের ওপর হামলা বা প্রাণহানির ঘটনা ঘটে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া আসবে যা তারা কল্পনাও করতে পারবে না।" তিনি স্পষ্ট করে দেন যে, মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনায় যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না।
ট্রাম্পের এই হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর এসব বক্তব্য ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং সহিংসতাকে উসকে দেওয়ার নামান্তর। তেহরানের দাবি, ‘ইহুদিবাদী শক্তি’ ইরানের জাতীয় সংহতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন হস্তক্ষেপের কড়া সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটন এখন গণতন্ত্রের আড়ালে মূলত ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিতে চাইছে। তিনি একে ‘ঔপনিবেশিক যুগের চিন্তাধারা’ বলে অভিহিত করেন। বাঘাই আরও স্পষ্ট করেন যে, ইরান ও ভেনেজুয়েলার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অটুট থাকবে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার পর ইরানের ওপর ট্রাম্পের এই চাপ প্রয়োগ বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা ও যুদ্ধের শঙ্কা তৈরি করছে।