আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধে দ্বিতীয় দিনের মতো উত্তাল মধ্যপ্রাচ্য। রবিবার (১ মার্চ) সকালে দুবাই, দোহা এবং মানামায় দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, তারা এই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও জেবল আলী বন্দরে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। কাতার ও বাহরাইনেও একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল থেকে শুরু হওয়া এই হামলায় তাদের ১৬ জন নাগরিক আহত হয়েছেন। জর্ডান ও কুয়েতেও সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, ইরানজুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে 'মহা অপরাধ' হিসেবে বর্ণনা করে দেশজুড়ে সাত দিনের ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা করেছেন। পাল্টাপাল্টি এই হামলায় পুরো বিশ্ব এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে।