ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের ঘটনাকে কেন্দ্র করে কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় পেত্রো বলেন, আমি শপথ নিয়েছিলাম আর কখনো অস্ত্র ছুঁয়ে দেখব না...কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আমি আবারও অস্ত্র হাতে তুলে নেব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক হিসেবে পেত্রো সম্প্রতি সামনে এসেছেন। ট্রাম্প মাদক পাচার দমনের নামে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়েছেন। দুই দেশের এই দুই নেতা এর আগেও একে অপরের বিরুদ্ধে কটু মন্তব্য করেছেন। তবে সাম্প্রতিক দিনগুলোয় ট্রাম্পের হুমকি আরও আক্রমণাত্মক রূপ নিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে অপহরণের ঘটনার পর পেত্রোর উচিত নিজের পশ্চাদ্দেশ সামলে রাখা। আন্তর্জাতিক আইনের বহু বিশেষজ্ঞ এই অপহরণকে অবৈধ মনে করছেন। গত রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পেত্রোর সরকারের বিরুদ্ধে একই ধরনের একটি অভিযান চালানো তার কাছে ভালোই মনে হয়।
ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, কলম্বিয়া একটি অত্যন্ত দুর্বল দেশ, যা একজন দুর্বল নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। তাঁর অভিযোগ, ওই নেতা কোকেন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে আগ্রহী, তবে তিনি আর বেশি দিন তা চালিয়ে যেতে পারবেন না। ট্রাম্পের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, এই মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি কলম্বিয়ার অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের শামিল।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, পেত্রো যুক্তরাষ্ট্রে মাদক পাচার সহজ করে দিচ্ছেন। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। পেত্রো এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।