মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন। এই পদক্ষেপের ফলে আরব বিশ্বের অন্যতম পুরোনো ও প্রভাবশালী এই ধর্মভিত্তিক রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পথ খুলবে।
ট্রাম্প সংশ্লিষ্ট পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে লেবানন, মিসর এবং জর্ডানের মতো দেশে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্তির উপযোগিতা যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে যে মুসলিম ব্রাদারহুডের এসব গোষ্ঠী ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে সহিংস হামলা সমর্থন বা উসকানি দিচ্ছে। এছাড়া, তারা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে আর্থিক ও উপকরণগত সহায়তা দিচ্ছে বলেও দাবি করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগের লক্ষ্য হলো মুসলিম ব্রাদারহুডের আন্তঃরাষ্ট্রীয় নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, যা সন্ত্রাসবাদকে উসকে দেয় এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টি করে।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল এই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছিল। এই ঘোষণার ফলে প্রভাবশালী এই দলটির কার্যক্রম আন্তর্জাতিকভাবে কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়বে।