ওপরে বন্ধুত্বের বার্তা থাকলেও তলে তলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফাঁস হওয়া এক গোপন নথিতে ওয়াশিংটনকে ‘যুদ্ধবাজ শক্তি’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ‘দ্বিতীয় মার্কিন আগ্রাসন পরিকল্পনা’ শিরোনামের ওই নথিতে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার মার্কিন চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার মানবাধিকার সংগঠন ‘দ্য ৮৮ প্রজেক্ট’ এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনে।
২০২৪ সালের আগস্টে তৈরি করা এই নথিতে যুক্তরাষ্ট্রকে চীনের সমমর্যাদার কৌশলগত অংশীদার ঘোষণা করার পরও দেশটির প্রতি গভীর সন্দেহের চিত্র ফুটে উঠেছে। ভিয়েতনামের কমিউনিস্ট নেতৃত্বের আশঙ্কা, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র দেশটিতে ‘কালার রেভ্যুলেশন’ বা গণঅভ্যুত্থান উসকে দিতে পারে। নথিতে ইউক্রেন ও ফিলিপাইনের উদাহরণ টেনে বলা হয়েছে, ওয়াশিংটন যেকোনো সময় ভিয়েতনামের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হ্যানয় বাহ্যিকভাবে কূটনৈতিক সৌহার্দ্য বজায় রাখলেও ভেতরে যুক্তরাষ্ট্রকে প্রকৃত মিত্র হিসেবে দেখে না। নথিতে উল্লেখ করা হয়েছে যে, নিকট ভবিষ্যতে সরাসরি যুদ্ধের আশঙ্কা কম থাকলেও চীনকে মোকাবিলার নামে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে অপ্রচলিত কৌশল ব্যবহার করতে পারে। দ্য ৮৮ প্রজেক্টের বিশ্লেষক বেন সুয়ান্টন জানান, ভিয়েতনাম কোনোভাবেই চীনবিরোধী জোটে যোগ দিতে চায় না বরং তাদের মূল লক্ষ্য নিজেদের শাসনব্যবস্থা রক্ষা করা। এই গোপন নথি ফাঁস হওয়ার পর ভিয়েতনাম সরকার ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।