ইরানের রাজধানী তেহরানের কাছে ফারদিস এলাকায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর ভয়াবহ দমন-পীড়নের ভিডিও ভাইরাল হয়েছে। রাস্তার ওপর অন্তত সাতজনের নিথর দেহ পড়ে থাকার ওই দৃশ্যকে ‘আসল ও সাম্প্রতিক’ বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ‘ফ্যাক্টনামেহ’। ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলিবর্ষণ করতেও দেখা গেছে।
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তেহরান থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে অবস্থিত ফারদিস এলাকায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, অন্তত সাতজন ব্যক্তি রাস্তায় নিথর অবস্থায় পড়ে আছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘ফ্যাক্টনামেহ’ ফুটেজগুলো যাচাই করে জানিয়েছে, এগুলো কোনো পুরনো দৃশ্য নয় বরং চলমান বিক্ষোভেরই অংশ।
সংস্থাটি আরও জানায়, ভিডিওগুলোতে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিবর্ষণের দৃশ্য স্পষ্ট। তবে এই হতাহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের সরকারি কোনো দপ্তর বা গণমাধ্যম মুখ খোলেনি। ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর বরাতে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে ফারদিসে নজিরবিহীন বিক্ষোভ হয় এবং সেখানেই এই নৃশংসতার ঘটনা ঘটে। ভিডিওগুলো এর আগে অনলাইনে প্রকাশিত না হওয়ায় এগুলোকে সাম্প্রতিক সহিংসতা হিসেবেই দেখা হচ্ছে।